ফেনীর পরশুরামে মুহুরী-কহুয়া প্রকল্পের ফলক উন্মোচন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমা। (ছবি: সংগ্রহ / এইমাত্র / এডিট: BDUS News 24)
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো ফেনী জেলা সফরে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান (বয়স ৫৮ বছর)। আজ বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) সকালে সড়কপথে তিনি ঢাকার গুলশানের বাসভবন থেকে ফেনী জেলার পরশুরাম ও ফুলগাজী উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির উদ্দেশ্যে রওনা হন। এই দিনব্যাপী সফরে তিনি একাধিক মেগা প্রকল্প ও জনকল্যাণমূলক কর্মসূচির উদ্বোধন করেন।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলুর দেওয়া তথ্য অনুযায়ী, নির্ধারিত সফরসূচির অংশ হিসেবে তিনি বেলা সাড়ে ১২টার দিকে পরশুরাম উপজেলার উপকণ্ঠে এবং খোয়াইঘাট মুহুরী ব্রিজ এলাকায় উপস্থিত হন। সেখানে তিনি বহুল প্রতীক্ষিত ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (১ম পর্যায়)’ শীর্ষক গুরুত্বপূর্ণ প্রকল্পের ফলক উন্মোচন ও নদী খনন কাজের আনুষ্ঠানিক শুভ সূচনা করেন।
১,৫৪২ কোটি টাকার মেগা প্রকল্পের বিস্তারিত রূপরেখা
ফেনী অঞ্চলে দীর্ঘমেয়াদী বন্যা প্রতিরোধ এবং কৃষকদের সেচ সুবিধা নিশ্চিত করতে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) গত ১৬ জুন ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে এই প্রকল্পটি অনুমোদন করে। প্রথম পর্যায়ের এই প্রকল্পের আওতায় প্রায় ৬৭ দশমিক ৯২ কিলোমিটার বাঁধ পুনর্বাসন, ১১ দশমিক ৭৩ কিলোমিটার নদীতীর সংরক্ষণ, ৮৩ দশমিক ৫০ কিলোমিটার নদী ও জলাধার পুনঃখনন করা হবে।
এছাড়াও এই প্রকল্পের অধীনে ২৭টি সেচ অবকাঠামো পুনর্বাসন এবং ৭৭টি ইনলেট নির্মাণের পরিকল্পনা রয়েছে। পরবর্তী পর্যায়ে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীতে নতুন বাঁধ নির্মাণ এবং নদী খননের ব্যাপক পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। ২০৩০ সালের মধ্যে এই প্রকল্পের পুরো কাজ সম্পন্ন করার সময়সীমা নির্ধারণ করা হয়েছে।
বৃক্ষরোপণ, সৌরবিদ্যুৎ এবং বিভিন্ন কার্ড বিতরণ কর্মসূচি প্রধানমন্ত্রী তারেক রহমান
পরশুরামের কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান ফুলগাজী উপজেলায় অবস্থিত বেগম খালেদা জিয়া মহিলা কলেজে একটি বৃক্ষরোপণ কার্যক্রমে অংশ নেন। এরপর তিনি ফুলগাজী জেলা পরিষদ ডাকবাংলো পরিদর্শন করেন এবং সেখানে ছাদ-ভিত্তিক (রফটপ) সৌরবিদ্যুৎ ব্যবস্থা থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের উদ্বোধন করেন। ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলার সরকারি ভবনগুলোতে মোট ৯৬২.৫ কিলোওয়াট ক্ষমতার সৌর বিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করা হয়েছে।
বিকেল ৩টায় ফুলগাজী সরকারি পাইলট হাইস্কুল মাঠে আয়োজিত এক বিশাল জনসভায় যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তিনি সাধারণ মানুষের মাঝে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের মাঝে সম্মানী প্রদান করেন। দিনব্যাপী এই সফর শেষে আজ সন্ধ্যায় তাঁর ঢাকায় ফিরে আসার কথা রয়েছে।
জাতির প্রয়োজনে যেকোনো সময় এক দফা দাবি আসতে পারে: জামায়াত আমির ডা. শফিকুর রহমান





